প্রাণীর প্রজননে প্রবিপ্রবির নতুন প্রযুক্তি উদ্ভাবন

২৯ অক্টোবর, ২০১৯ ১২:১৬  
বর্তমান চিকিৎসা পদ্ধতিতে গবাদি প্রাণীর প্রজননের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে হাতের সাহায্যে পশুর সারভিক্সের অবস্থান জানতে হয়। এতে জরায়ু সমস্যার কারণে জন্মকালীন ও নানা কারণে গবাদি পশুর মৃত্যু হয়। এই সমস্যা দূর করতে নতুন একটি ডিভাইস উদ্ভাবন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (প্রবিপ্রবি) এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্ট্রেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল। ডিভাইসটির নাম পিএসটিইউ ভ্যাজাইনো সারভাইকাল ডিভাইস (পিভিএসডি)। কার্যকারিতা পরীক্ষার পর এসএস (স্টেইনলেস পাইপ) দিয়ে তৈরি ডিভাইসটির অনুমোদন দিয়েছে প্রবিপ্রবির রেজিস্টার কার্যালয়। ডিভাইসটি বিষয়ে উদ্ভাবক ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল জানিয়েছেন, বর্তমান চিকিৎসা পদ্ধতিতে গবাদি প্রাণীর প্রজননের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে হাতের সাহায্যে পশুর সারভিক্সের অবস্থান জানতে হয়। এতে জরায়ু সমস্যার কারণে জন্মকালীন ও নানা কারণে গবাদি পশুর মৃত্যু হয়। এ ডিভাইসের সাহায্যে সনাতন পদ্ধতি পরিহার করে সহজেই সারভিক্সের অবস্থান নিখুঁতভাবে জানা যাবে। যা কৃত্রিম প্রজননের সময় এআই গান প্রবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জরায়ু থেকে দূষিত পদার্থ অপসারণ করতে ডিভাইসটি সহায়তা করবে। আকার ভেদে মাত্র ২০০-৫০০ টাকায় ডিভাইসটি প্রস্তুত করায় উপকারভোগীদের ক্রয় সীমার মধ্যে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।